👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৬:৫১ পিএম | অনলাইন সংস্করণ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বোয়ালমারী মৌজায় অবস্থিত ভেন্নাতলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে বাজারের বহু দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাজারের সবচেয়ে বড় ব্যবসাপ্রতিষ্ঠান নুর স্টোরে প্রথম আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান। গভীর রাত হওয়ায় বাজারে কোনো ক্রেতা-বিক্রেতা বা পাহারাদার উপস্থিত ছিলেন না। ফলে অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় পাশের একটি দোকানে থাকা ঝালাইয়ের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে কয়েকটি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে গিয়ে নিহত হন স্থানীয় বাসিন্দা বাবুল মোল্লা। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। তার দুই পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এক রাতেই বহু ব্যবসায়ীর দীর্ঘদিনের পরিশ্রম, পুঁজি ও জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
✍️ প্রতিবেদক:
ডেক্স রিপোর্ট | ধারা টিভি নিউজ

0 মন্তব্যসমূহ