👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:২৫ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে জানা গেছে। শনিবার সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা মো. আলিমুল ইসলাম (৪৫) এবং কাদিরসুখা গ্রামের মো. করিম (৩৫)। তারা যথাক্রমে সুবাহান আলী ও কুরবান আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সীমান্তের ওপারে ভারতের কাকরমনি ক্যাম্প এলাকার বিএসএফ সদস্যরা তাদের আটক করে। তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) মেজর আহসান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তবে এ পর্যন্ত বিএসএফ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। একই সঙ্গে আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকেও বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়নি।
তিনি জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে, দুই বাংলাদেশি নাগরিক আটকের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের বর্তমান অবস্থান এবং আটকের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিজিবি ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ