🔰প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৬:১১ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুধো বালা (স্বামী: গিরেন চন্দ্র) উপজেলার পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের মেজানি বালা এবং একই উপজেলার পারিয়া ইউনিয়নের সাজেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুধো বালাকে মৃত ঘোষণা করেন।
আহত মেজানি বালা ও সাজেনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়দের দাবি, আহতদের একজনের অবস্থা এখনও সংকটাপন্ন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:


0 মন্তব্যসমূহ