🔰প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত হওয়ার পর কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার শুধো বালা (স্বামী: গিরেন চন্দ্র) এবং তার ছেলে সাজেন। আহত মেজানি বালা (স্বামী: বিনয়) ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের মতে, মোটরসাইকেলে করে তিনজন নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুধো বালার মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত সাজেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
এ ঘটনায় আহত মেজানি বালা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
একই পরিবারের মা ও ছেলের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাঝেও এ মর্মান্তিক দুর্ঘটনা গভীর বেদনার সৃষ্টি করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ