👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পানিভর্তি বালতিতে পড়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার দালাল বস্তি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত হুবা স্থানীয় বাসিন্দা হাসিরুল ইসলামের কন্যা। পরিবার সূত্রে জানা যায়, শিশুটিকে গোসল করানোর সময় ঘরের ভেতরে রাখা পানিভর্তি একটি বালতির কাছে চলে যায় সে। একপর্যায়ে অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে যায় শিশুটি। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতে কিছুটা সময় লেগে যায়।
পরে তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। খবর পেয়ে প্রতিবেশীরাও পরিবারের পাশে এসে দাঁড়ান।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে সবদিক বিবেচনায় নিয়ে বিষয়টি যাচাই করা হচ্ছে।
সচেতন মহল বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘরে পানিভর্তি বালতি, ড্রাম বা অন্যান্য পাত্র শিশুদের নাগালের বাইরে রাখা জরুরি। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ