👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:১৬ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীতে অবৈধ জাল ব্যবহার রোধে ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। উপজেলার বুনিয়াডাঙ্গী-কাশীপুর এলাকার পানি নিয়ন্ত্রণ ব্রিজের পরবর্তী নদীপথে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
রবিবার ভোর প্রায় ৪টার দিকে পরিচালিত অভিযানে নদী থেকে ১২টি রিংজাল, ৪টি ঘুপসি জাল এবং ৫টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, অবৈধ জালের কারণে নদীর দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
✍️ প্রতিবেদক:
মো রাজু রায়হান, বালিয়াডাগি, (ঠাকুরগাঁও) প্রতিনিধি

0 মন্তব্যসমূহ