👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে বিকট শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের শুরুতেই মডিফাই করা একটি সুজুকি ১৫৫ সিসি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় চালককে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মোটরসাইকেলটিতে অনুমোদনহীনভাবে উচ্চ শব্দের হর্ন এবং পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করা হচ্ছিল। এসব পরিবর্তনের কারণে যানটি চলাচলের সময় তীব্র শব্দ সৃষ্টি করে জনদুর্ভোগের কারণ হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
ডাম্পিংয়ের অর্থ হলো, মোটরসাইকেলটি পুলিশের নির্ধারিত হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মালিক সেটি ফেরত পাবেন না।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, কিছু চালক ইচ্ছাকৃতভাবে মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি করেন, যা শব্দদূষণের পাশাপাশি জনসাধারণের জন্য বিরক্তি ও স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও হাসপাতালের আশপাশে এ ধরনের শব্দের নেতিবাচক প্রভাব বেশি পড়ে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের অনুমোদনহীন যন্ত্রাংশ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ