👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের স্কুলহাট বাজারে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে শনিবার (১৩ জুন) বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সামাজিক অপরাধের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসব অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে পুলিশ এবং সাধারণ মানুষের যৌথ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই সরকার।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ