👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৩২ পিএম | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকায় প্রবাসরত অবস্থায় মারা গেছেন ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ শরিফুজ্জামান সুজন। বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুজন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রহিম উদ্দীনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে প্রথমে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে উবার চালক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের এক শোকবার্তায় বলা হয়, মোহাম্মদ শরিফুজ্জামান সুজন সংগঠনের একজন অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। প্রবাস জীবনের নানা ব্যস্ততা ও প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রম এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শোকবার্তায় আরও বলা হয়, “আমরা হারিয়েছি আমাদের পরিবারের একজন প্রিয় স্বজনকে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
মরহুমের মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন তারা।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ