Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে চোরাইকৃত মোটরসাইকেলসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৭:১৫ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাইকৃত একটি মোটরসাইকেলসহ সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে উপজেলার চৌরাস্তা এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত আব্দুস সালামকে স্থানীয় শতাধিক মানুষ অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন অভিযোগ করেন, তার বাড়ি থেকে মোটরসাইকেল চুরি হওয়ার পর সেটি উদ্ধারের কথা বলে আব্দুস সালাম তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। তিনি দাবি করেন, জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত একটি চক্রের সঙ্গে আব্দুস সালামের সম্পৃক্ততা রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ভুক্তভোগীও একই ধরনের অভিযোগ তুলে ধরেছেন। সোহেল রানা নামে এক ব্যক্তি দাবি করেন, তার হারিয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য ৪৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। সাহেরুল ইসলাম জানান, তার কাছ থেকে ৫১ হাজার টাকা নেওয়া হয়। অপর এক ভুক্তভোগী শাহজাহান বলেন, প্রায় দুই বছর আগে একটি মোটরসাইকেল উদ্ধারের জন্য তিনি ৬৫ হাজার টাকা পরিশোধ করেছিলেন।

ঘটনার পর মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়েছে এবং আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আব্দুস সালামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে মহিষমারী এলাকার একটি বাঁশঝাড় থেকে চোরাইকৃত মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিঃদ্রঃ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্তাধীন। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

✍️ প্রতিবেদক:

মো: রাজু রায়হান, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধ:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮