🔰প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৬:৩১ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে প্রতি কেজি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় জেলা কালেক্টরেট চত্বরে ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার আলু চাষি ও সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বালিয়াডাঙ্গী আলু চাষি সংগঠনের সভাপতি আব্দুস সালামসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, বর্তমানে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৮ টাকা নেওয়া হচ্ছে, যা কৃষকদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, আলু উৎপাদনে প্রতি কেজিতে ১৭ থেকে ১৮ টাকা ব্যয় হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা লোকসানের মুখে পড়ছেন। এর সঙ্গে উচ্চ সংরক্ষণ ব্যয় যুক্ত হওয়ায় সংকট আরও গভীর হচ্ছে।
তারা আরও বলেন, আলু একটি দ্রুত নষ্ট হওয়ার কৃষিপণ্য। তাই দীর্ঘ সময় সংরক্ষণের জন্য হিমাগারের ওপর কৃষকদের নির্ভর করতে হয়। এই সুযোগে হিমাগার কর্তৃপক্ষ গত তিন বছরে কয়েক দফায় ভাড়া বাড়িয়ে দ্বিগুণেরও বেশি করেছে বলে অভিযোগ করেন বক্তারা। কৃষকদের স্বার্থে দ্রুত সংরক্ষণ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি শেষে ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:


0 মন্তব্যসমূহ