🔰প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৬:০৩ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে বিয়ের মাত্র তিন দিনের মাথায় এক যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নতুন সংসারের স্বপ্ন নিয়ে ঘরে ফেরা পরিবারটি মুহূর্তেই হারিয়েছে আনন্দের সব রঙ।
পারিবারিক সূত্রে জানা যায়, রুহিয়া থানার সাবেক ছাত্রনেতা জুয়েল রানা গত ১৯ জুন রাতে বিয়ে সম্পন্ন করে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন। বিয়েকে ঘিরে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
তবে বাড়িতে ফেরার কিছু সময় পরই তিনি হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের একটি হৃদরোগ বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ জুন) সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মাত্র তিন দিনের ব্যবধানে বিয়ের আনন্দ শোকে পরিণত হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নববধূর হাতে বিয়ের মেহেদির রঙ শুকানোর আগেই জীবনসঙ্গীকে হারানোর এই মর্মান্তিক ঘটনায় অনেকেই শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জুয়েল রানার অকাল মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি বিভিন্ন মহল গভীর সমবেদনা জানিয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ