🔰প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও দুটি মোবাইল ফোনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
সোমবার (২২ জুন) ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ভারতী রানী ভদ্র ওরফে বিথী রহমান (৩০) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি জমিদারপাড়া এলাকার বাসিন্দা এবং মোস্তাফিজুর রহমান বাবুর স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে বাইপাস গেট সংলগ্ন টিউবওয়েলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫ হাজার ৫৪০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও একাধিক অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ