👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:২২ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস। এরই অংশ হিসেবে বুধবার (১০ জুন) বিকেলে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাছ বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে শতাধিক আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমী অংশ নেন।
মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকা বহন করেন এবং ঢাক-ঢোল ও বাঁশির তালে তালে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকদের ভাষ্য, ফুটবল বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তোলা এবং প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। মিছিল চলাকালে সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বকাপ এলেই বালিয়াডাঙ্গীতে বিভিন্ন দেশের সমর্থকদের নানা আয়োজন দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনা সমর্থকদের এই আনন্দ মিছিল এলাকার মানুষের মধ্যে বিশ্বকাপের আমেজ ছড়িয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ