🔰প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাইশা (১১) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করা হলেও এসএসসি পরীক্ষার্থী নাফিসা (১৬) এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার করনাই এলাকার আতাইঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম, মাইশা ও নাফিসা একসঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং নাঈম ও মাইশাকে উদ্ধার করতে সক্ষম হন।
পরে গুরুতর অবস্থায় নাঈমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধার হওয়া মাইশা বর্তমানে সুস্থ রয়েছে।
এদিকে নিখোঁজ নাফিসাকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:


0 মন্তব্যসমূহ