Ticker

6/recent/ticker-posts

শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, জেলা পুলিশ একাদশের জয়

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৯:১৪ পিএম | অনলাইন সংস্করণ



ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চল সবাই খেলতে চল"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলা-এ অনুষ্ঠিত হয়েছে জমকালো পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ। গত বৃহস্পতিবার বিকেলে আমতৈল হাই স্কুল মাঠে জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রীতি ম্যাচে অংশ নেয় মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ ও শ্রীপুর উপজেলা ফুটবল একাদশ।

রোমাঞ্চকর এই ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে শ্রীপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শকদের উপহার দেয় উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই। মাঠজুড়ে উপস্থিত হাজারো দর্শক উপভোগ করেন প্রাণবন্ত এই আয়োজন।

ম্যাচে ধারাভাষ্য প্রদান করেন বাংলাদেশ বেতারের খ্যাতিমান ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় এবং খেলা পরিচালনা করেন সাদ্দাম হোসেন গোকী।

খেলা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তোফায়েল আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদক প্রতিরোধ, গ্রামীণ সম্প্রীতি জোরদার, সামাজিক অস্থিরতা ও দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা পুলিশ সবসময় জনগণের পাশে থেকে সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরুল আলম হিরো এবং খন্দকার আব্বাস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত আল নাহিয়ান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহা আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ম্যাচটি ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


✍️ প্রতিবেদন:

নিজস্ব প্রতিনিধি, মাগুরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮