Ticker

6/recent/ticker-posts

মাথায় টিউমার আক্রান্ত জয়নাল বাঁচতে চায়

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম | অনলাইন সংস্করণ‎



জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে ছোট্ট চায়ের দোকানই ছিল জয়নাল আবেদীনের (৬০) সংসারের একমাত্র আয়ের উৎস। স্ত্রী আর ২ সন্তান নিয়ে কোনোমতে দিন চলত। কিন্তু গত এক বছর ধরে মাথার সামনের দিকে একটি টিউমার ধীরে ধীরে বড় হতে থাকে। আর এই টিউমারই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে।

‎

‎উপজেলার বাগড়ি গ্রামের মৃত অফিজ মন্ডলের ছেলে জয়নাল। প্রথমে রাজশাহীতে চিকিৎসার জন্য গেলে, পরীক্ষা নিরীক্ষা করে ডাঃ জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত যেতে হবে। 

‎

‎কিন্তু দারিদ্র্যতা বাধা হয়ে দাঁড়ায় জয়নালের। ভারতে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। উপায় না পেয়ে দিনাজপুরের ভাদুড়িয়া বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক মোঃ নাজমুল হোসাইনের কাছে চিকিৎসা শুরু করেন। হোমিও ওষুধে আগের তুলনায় তার মাথার বৃদ্ধি কিছু কমলেও পুরোপুরি সারেনি।

‎

‎অসুস্থতার কারণে চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। আয়ের পথ বন্ধ হওয়ায় এখন সংসারে নেমে এসেছে অভাব। তিনবেলা ঠিকমতো খাবার জোটানোই তার জন্য কঠিন।

‎

‎এ জটিল রোগের চিকিৎসা সহায়তার আশায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সাথে দেখা করেন। চিকিৎসার জন্য সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় তিনি।

‎

‎জয়নাল বলেন, আমি বাঁচতে চাই। আমার বউ-বাচ্চাগুলারে দেখার মতো আর কেউ নাই। ডাক্তার বলছে ভালো চিকিৎসা লাগবে। কিন্তু টাকা নাই বলে চিকিৎসা করাইতে পারতেছি না। কেউ একটু সাহায্য করলে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতাম।

‎

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, ইতোমধ্যে বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানানো হয়েছে এবং ওই ব্যক্তিকে প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন করতে বলা হয়েছে। যাচাই-বাছাই করে সরকারি বিধি মোতাবেক আর্থিক সহায়তা প্রদান করা হবে।

✍️ প্রতিবেদক:

‎‎রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:


‎

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮