👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও লিটন কাজী (২৬)। পুলিশ জানিয়েছে, তাঁরা পরস্পরের সহযোগী হিসেবে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল টোল প্লাজার সামনে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির পেছনের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০টি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটগুলো থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় গাড়ির চালক মোস্তাকিন কাজী ও তাঁর সহযোগী লিটন কাজীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পরিবহনের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
✍️ প্রতিবেদক:
আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ