Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ রাষ্ট্রপতি

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম | অনলাইন সংস্করণ‎


দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনে তিনি এ কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং এ অঞ্চলের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতির কর্মসূচি অনুযায়ী, সকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। পরে সার্কিট হাউসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।

পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয় এবং সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিকেলে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন। রাষ্ট্রপতিকে একনজর দেখতে সেখানে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠ ছাড়াও আশপাশের সড়ক এবং বিভিন্ন ভবনের ছাদে মানুষের ভিড় দেখা গেছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঠাকুরগাঁও দীর্ঘদিন ধরে অনেক ক্ষেত্রে অবহেলিত ছিল এবং জেলার মানুষের উন্নয়নে কাজ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বিমানবন্দর চালুর বিষয়েও কাজ এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি। বেকারত্ব কমাতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তরুণদের শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সংঘাত ও হানাহানির পরিবর্তে আলোচনা, সংলাপ ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে। রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও কর্মসূচিস্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। রাষ্ট্রপতির এ সফর এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮