👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে জেলার হরিণমারী ঈদগাহ মাঠ এলাকায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল হরিণমারী এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
হাবিলদার মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঈদগাহ মাঠ এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:


0 মন্তব্যসমূহ