👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অভিযান চালিয়ে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মো. আলতাফুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন নাগরভিটা বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগরভিটা বিওপির হাবিলদার মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের মেইন পিলার ৩৭৭ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা এলাকায় অভিযান চালিয়ে আলতাফুর রহমানকে আটক করা হয়।
আটক আলতাফুর রহমান বেলতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার সমিরনগর পোস্ট এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাঁর কাছ থেকে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:


0 মন্তব্যসমূহ