👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। অভিযানে মাদকদ্রব্য ছাড়াও একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ঠাকিঠুকি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযান সীমান্ত পিলার ৩৬৩/২-এস থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর থানার ঠাকিঠুকি এলাকায় চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন হরিপুর উপজেলার ভবানন্দপুর গ্রামের সমির আলীর ছেলে মোঃ সাদিকুল ইসলাম (২৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জাকির হোসেন (২২)।
পরে তাদের কাছ থেকে ৩৭টি ইয়াবা ট্যাবলেট ও ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া সিমকার্ডসহ একটি বাটন মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবির সদস্যরা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।
আটক দুই ব্যক্তিকে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ