ধারা টিভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম | অনলাইন সংস্করণ
রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনকালে কারখানায় পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার বিকেলে রাজশাহীর নওদাপাড়া এলাকায় অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি কারখানার ব্যাগ ও লাগেজ উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
প্রাণের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত মিলটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর এবং স্বল্প সময়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবেশের বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রাণ-আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা (ফুটওয়্যার ও লাগেজ) রাহাত হোসেন রনি জানান, ২০২৪ সালের ডিসেম্বরে কারখানাটি বুঝে পাওয়ার পর প্রয়োজনীয় সংস্কার শেষে মাত্র তিন মাসের মধ্যে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উৎপাদন কার্যক্রম শুরু করতে সক্ষম হয় প্রাণ-আরএফএল গ্রুপ।
তিনি বলেন, বর্তমানে কারখানাটিতে লাগেজ ও ব্যাগ উৎপাদন ইউনিটে আড়াই হাজারের বেশি মানুষ কর্মরত রয়েছেন। পর্যায়ক্রমে আরও উৎপাদন লাইন চালু করার পরিকল্পনা রয়েছে। এতে ভবিষ্যতে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন উৎপাদন লাইন চালু হলে রাজশাহীতে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রতিবেদক:
মো. গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
ধারা টিভি নিউজ

0 মন্তব্যসমূহ