Ticker

6/recent/ticker-posts

বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিনের অবৈধ দোকান উচ্ছেদ, যানজট কমার আশা

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম | অনলাইন সংস্করণ





ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত বাস্তবায়নে শহীদ মিনার ও স্মৃতিসৌধ চত্বরের আশপাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সড়কের পাশে অবৈধ দোকান ও স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে সংকুচিত হয়ে থাকা চলাচলের জায়গা উন্মুক্ত হওয়ায় চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় প্রতিদিন বিশেষ করে সন্ধ্যার সময় যানবাহনের চাপ বেড়ে যায়। এর সঙ্গে সড়কের পাশে বিভিন্ন দোকান বসায় যান চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়ে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পথচারী ও যানবাহন চালকদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতি বিবেচনায় উপজেলা আইনশৃঙ্খলা সভায় যানজট নিরসনে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।


সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার ও স্মৃতিসৌধ চত্বরের আশপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে দখলে থাকা জায়গা দখলমুক্ত করা হয়। এতে সড়কের পাশে যানবাহন চলাচলের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং পথচারীদের চলাচলেও বাধা কমেছে।


স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী চৌরাস্তা উপজেলার অন্যতম ব্যস্ত এলাকা। প্রতিদিন সন্ধ্যার দিকে বিভিন্ন দিক থেকে আসা যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। বিশেষ করে সড়কের পাশে দোকান বসানো ও বিভিন্নভাবে জায়গা দখলের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। অবৈধ দোকান উচ্ছেদের ফলে এখন যান চলাচল স্বাভাবিক রাখা সহজ হবে বলে তারা মনে করছেন।


উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এছাড়া বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা জানান, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই যানজটের স্থায়ী সমাধান হবে না। উচ্ছেদ করা জায়গায় যাতে পুনরায় অবৈধভাবে দোকান বসানো বা দখল করা না হয়, সেদিকেও প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকলে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় দীর্ঘদিনের যানজটের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকরা। তাদের প্রত্যাশা, উচ্ছেদ করা জায়গা ভবিষ্যতে আর দখল না হলে বালিয়াডাঙ্গী চৌরাস্তা আরও সুন্দর, পরিচ্ছন্ন ও যান চলাচলের উপযোগী একটি ব্যস্ততম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

প্রতিবেদক:

মোঃ তোফাজুল ইসলাম মুন্না

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮