গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মোঃ মনজুরুল ইসলাম এমপি’র নেতৃত্বে প্রথমে দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ। শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মোঃ মনজুরুল ইসলাম। তিনি ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

0 Comments