👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
![]() |
| সংগৃহীত ছবি |
চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখা এবং পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি থানা প্রাঙ্গণে পৌঁছালে কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি থানার দাপ্তরিক শাখা, মালখানা, হাজতখানা ও ফোর্সের ব্যারাক ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরবর্তীতে অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, পুলিশকে প্রকৃত অর্থেই জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ ও দ্রুততম সময়ে আইনি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে অপরাধপ্রবণ এলাকায় টহল জোরদার, হোন্ডা মোবাইলের মাধ্যমে নজরদারি বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করা, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ, বাল্যবিবাহ-ইভটিজিং-চোরাচালান দমনে কঠোর ব্যবস্থা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন।
পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করে তিনি থানার মেসে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা, ব্যারাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুযায়ী সদস্যদের ছুটি মঞ্জুর করার নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

0 Comments