Ticker

6/recent/ticker-posts

হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম | অনলাইন সংস্করণ



কিশোরগঞ্জে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি জানান, গত এক মাসে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সুপার বলেন, জনগণের কষ্টার্জিত সম্পদ রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম দায়িত্ব। হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি এ অভিযানে জড়িত সকল পুলিশ সদস্যের প্রশংসা করেন। বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর নেতৃত্বে পরিচালিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, তারা মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশের প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে যাচাই-বাছাই সম্পন্ন করে উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।

✍️ প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮