👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৭:৫০ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিজেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয় দিয়ে ফেসবুকে ভুয়া কভার ফটো তৈরি ও প্রচারের অভিযোগে শাহিন আলম (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি পৌরসভার রংপুরিয়া মার্কেট এলাকার আলিমুদ্দিনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার রহমাতুল্লাহ রনি।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে রাণীশংকৈল থানার ওসি দাবি করে একটি ভুয়া কভার ফটো তৈরি ও প্রচার করা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়।
এছাড়া, রাণীশংকৈল থানা ও ওসিকে নিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে অসম্মানজনক একটি ছবি প্রকাশের অভিযোগও উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন আলমকে থানায় নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাণীশংকৈল থানা পুলিশ।
এদিকে শাহিন আলম নিজের ভুল স্বীকার করে বলেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার মতো কেউ এমন ভুল করবেন না। রাণীশংকৈলবাসী যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।”
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ