Ticker

6/recent/ticker-posts

পাঁচ বছর পর সিজার সেবা চালু হলো বালিয়াডাঙ্গীতে

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:৩৯ পিএম | অনলাইন সংস্করণ



দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সিজারিয়ান অপারেশন কার্যক্রম। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে উপজেলার সাধারণ মানুষের মাঝে।

এখন থেকে জরুরি প্রসূতি সেবার জন্য রোগীদের আর ঠাকুরগাঁও সদর হাসপাতাল কিংবা রংপুর মেডিকেলে ছুটতে হবে না। স্থানীয়ভাবেই মিলবে প্রয়োজনীয় সিজার চিকিৎসাসেবা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, অ্যানেসথেসিয়া সাপোর্ট ও অপারেশন থিয়েটারের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় সিজার কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়। প্রথম দিনেই ডাক্তার শাকিলা আক্তার ও ডাক্তার আহাদুজ্জামান সজীবের তত্ত্বাবধানে সফলভাবে দুইজন প্রসূতি মায়ের সিজার সম্পন্ন হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন পর এই সেবা পুনরায় চালু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, আগে জরুরি মুহূর্তে প্রসূতি মায়েদের ঠাকুরগাঁও বা রংপুরে নিতে গিয়ে সময়, অর্থ ও দুর্ভোগ—সবকিছুরই শিকার হতে হতো। এখন নিজ উপজেলাতেই সেবা মিলবে বলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।

সচেতন মহল মনে করছে, স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে সিজার সেবা চালু হওয়ায় মাতৃস্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এটি বড় স্বস্তির খবর।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮