🔰প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬:৫১ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও বিভিন্ন আলামতসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী চুনিহারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা (দলুয়া) গ্রামের মো. হারুন অর-রশিদ (৪৫) এবং পূর্ব বড়গাছিয়া (বালিয়া হাট) এলাকার মো. দুলাল হোসেন (২৯)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৪ হাজার ৮৫০ টাকা, দুটি মোবাইল ফোন, একটি চার্জার এবং একটি চার্জারচালিত ভ্যান জব্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের মাধ্যমে একটি সক্রিয় মাদক চক্রের কার্যক্রমে আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছে পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অবস্থান কঠোর। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ