🔰প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
২১ জুলাই মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মৌশা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো— মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (২) এবং তাঁর ভাই আলিনুরের মেয়ে রাইসা (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে খাবার খাওয়ার পর রাফিয়া ও রাইসা বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দুই শিশুর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ