👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও নিষিদ্ধ ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪০টি প্যারোপটিন ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে জেলার হরিপুর উপজেলার বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন কাঠালডাঙ্গী বিওপি।
বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠালডাঙ্গী বিওপির সুবেদার মো. মহসিন আলীর নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ৩৭১/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. শহিদুল ইসলাম (৩০) ও মো. সানাউল্লাহ (২৯) নামে দুজনকে আটক করা হয়।
আটক দুজনের মধ্যে শহিদুল ইসলাম হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী গ্রামের এবং সানাউল্লাহ দক্ষিণ মারাধর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে জব্দ করা মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে সীমান্ত এলাকার যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা চোরাচালানসংক্রান্ত তথ্য দ্রুত বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ