👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় লেকমরদ দিক থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছু নেয়।
একপর্যায়ে মো. আলিমদ্দীন (৪৫) ও মো. দর্শন আলী (৪০) নামে দুজনকে আটক করা সম্ভব হয়। তবে তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার তথ্য দিয়েছেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ