Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মায়েদের নিয়ে সমাবেশ

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম | অনলাইন সংস্করণ





ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১৬ নম্বর ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীদের মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফলও প্রকাশ করা হয়।

আলোচনায় অংশ নেওয়া মায়েরা শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে একজন সচেতন মা সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সুন্দর ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব।

সমাবেশ থেকে অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি মনোযোগী করা এবং তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য এবং সকল অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।


প্রতিবেদক:

তোফাজুল ইসলাম মুন্না | বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮